ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল এনবিএল সিকিউরিটিজ
এনবিএল সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফিক্স (ফিন্যান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ) সার্টিফিকেশন অর্জন করেছে। এতে করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করে বিনিয়োগকারীদের জন্য আরও সহজে লেনদেন করার সুযোগ সৃষ্টি করতে পারবে প্রতিষ্ঠানটি।
সার্টিফিকেশন অর্জন করার আগে গত ১১ ও ১৪ জুন বিভিন্ন টেস্ট পরিচালনা করা হয়। এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে এ সার্টিফিকেশন দেওয়ার আগে ইউজার এক্সেপটেন্স টেস্টিং এবং আরও কিছু সামঞ্জস্যপূর্ণ যাচাই-বাছাই করা হয়। এসব টেস্টিং কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করেছে এনবিএল সিকিউরিটিজ। এ পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই এনবিএল সিকিউরিটিজ ডিএসইর ফিক্স সার্টিফিকেট অর্জন করেছে।
ভিন্ন ভিন্ন স্টেক হোল্ডারের সম্মিলিত প্রচেষ্টার কারণে সম্ভাব্য সবচেয়ে কম সময়ের মধ্যে এ সার্টিফিকেট অর্জন করলো এনবিএল সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই আইটি ও সিস্টেম টিম, এস কে অ্যাডভাইজরি এলএলসি ও টেকেট্রন ভেঞ্চার্স লিমিটেড (টিভিএল) পুরো প্রক্রিয়া চলাকালে সার্বিক সহযোগিতা করেছে। ডিএসই টিম সার্টিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সব রকম সহায়তা করেছে।
নিজস্ব ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করার ক্ষেত্রে কোম্পানিগুলোর জন্য ডিএসই ফিক্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এর মাধ্যমে ফার্মগুলো রিয়েল-টাইমে সরাসরি ডিএসই ট্রেডিং ইঞ্জিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। একইসঙ্গে বিনিয়োগকারীরাও বাসায় বসে সহজে ও স্বাচ্ছন্দ্যদায়কভাবে লেনদেন করতে পারবেন।
এ সিস্টেম যথাযথভাবে ডিএসইর মার্কেট ডাটা ব্রডকাস্ট পরিচালনা করতে ও যেকোনো ধরনের ব্যত্যয় এড়াতে সহায়ক হবে। এ সার্টিফিকেশনের মধ্য দিয়ে এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা এখন থেকে যেকোনো জায়গা থেকে লেনদেন করার সুযোগ পাবেন।
সার্টিফিকেশনের বিষয়ে এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জোবায়েদ আল মামুন হাসান বলেন, এ সার্টিফিকেশন অর্জনের ক্ষেত্রে সর্বাত্মকভাবে সহযোগিতা করায় ডিএসই আইটি, সিস্টেম ও ম্যানেজমেন্ট টিমের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, বিনিয়োগের অভিজ্ঞতা আরও উন্নত করতে হলে পুঁজিবাজারের প্রযুক্তিগত অগ্রগতি খুব জরুরি। এ সার্টিফিকেশনের মাধ্যমে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করলো। এতে করে তারা দেশের যেকোনো জায়গা থেকে লেনদেন করার সুযোগ পাবেন।





